ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

হৃদরোগের ঝুঁকি কমাতে সপ্তাহে ১৫০ মিনিটের বেশি ব্যায়ামের পরামর্শ গবেষকদের

Truth Post
August 9, 2026 11:00 am
Link Copied!

চীনের ম্যাকাও পলিটেকনিক ইউনিভার্সিটির গবেষকরা যুক্তরাজ্যের নাগরিকদের ওপর পরিচালিত এক পর্যবেক্ষণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাপ্তাহিক ব্যায়ামের নতুন প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, হৃদযন্ত্রের বড় ধরনের সুরক্ষার জন্য বর্তমানের প্রস্তাবিত ১৫০ মিনিটের পরিবর্তে সপ্তাহে ৫৬০ থেকে ৬১০ মিনিট মাঝারি থেকে উচ্চ তীব্রতার ব্যায়াম প্রয়োজন।

গবেষণার তথ্য অনুযায়ী, সপ্তাহে মাত্র ১৫০ মিনিট ব্যায়াম করলে হৃদরোগের ঝুঁকি সামান্য ৮ থেকে ৯ শতাংশ কমে। কিন্তু ঝুঁকি ৩০ শতাংশের বেশি কমাতে সপ্তাহে প্রায় ৯ থেকে ১০ ঘণ্টা ব্রিস্ক ওয়াকিং, দৌড়ানো বা সাইক্লিংয়ের মতো সক্রিয়তা প্রয়োজন। গবেষণায় ১৭ হাজার ৮৮ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যাদের গড় বয়স ছিল ৫৭ বছর। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তাদের শারীরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়।

গবেষক দলের মতে, সব মানুষের জন্য এক ধরনের ব্যায়ামের পরামর্শ কার্যকর না-ও হতে পারে। শারীরিকভাবে কম ফিট ব্যক্তিদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমাতে বেশি সময় ব্যায়ামের প্রয়োজন হয়। তারা পরামর্শ দিয়েছেন, ভবিষ্যতে ব্যায়ামের নির্দেশিকা তৈরির সময় ব্যক্তির ফিটনেস বা কার্ডিওরেসপিরেটরি স্বাস্থ্যের ওপর ভিত্তি করে ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করা উচিত।

তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা হওয়ায় ব্যায়াম সরাসরি ঝুঁকি কমিয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না। এর সীমাবদ্ধতা সত্ত্বেও, তারা বর্তমানের ১৫০ মিনিটের নির্দেশিকাকে স্বাস্থ্যের প্রাথমিক সুরক্ষার জন্য একটি ন্যূনতম স্তর হিসেবে বিবেচনা করছেন। পাশাপাশি, হৃদযন্ত্রের সর্বোত্তম সুরক্ষায় ব্যায়ামের সময়সীমা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।