ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলন চলছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মুকেশ ও অক্ষয় শিন্ডের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ঝাড়খণ্ডে পৌঁছেছে।
ককরোচ পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সব ধরনের সহায়তা প্রদান করবেন। তাদের দাবি, শিক্ষার্থীদের প্রতিটি দাবি যৌক্তিক এবং এর সঙ্গে সংগঠনটি একাত্মতা প্রকাশ করছে।
এদিকে শনিবার রাজ্য সরকারের গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। জেএলকেএম নেতা দেবেন্দ্রনাথ মাহাতো, এনএসইউআই, আদিবাসী ছাত্র সংঘ এবং ঝাড়খণ্ড ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের মন্ত্রী সঞ্জয় প্রসাদ যাদব আলোচনা করেন। মন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবিগুলো মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে পৌঁছে দেওয়া হবে।
আন্দোলনরত ছাত্র সংগঠনগুলোর দাবির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের ১৪তম সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করা, এনটিএর আদলে ঝাড়খণ্ড টেস্টিং এজেন্সি (জেটিএ) গঠন এবং অনিয়ম হওয়া পরীক্ষাগুলো সিআইডি তদন্তের আওতায় আনা। এছাড়া আদিবাসী ও আঞ্চলিক ভাষাগুলোকে যোগ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
সরকার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা অনড় অবস্থানে রয়েছেন। তাদের দাবি, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং বিশেষ করে ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিল না করা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।