কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি শিশুর সিট বেল্ট বাঁধতে অস্বীকৃতি জানানোর ঘটনায় পোর্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটি সিটে দাঁড়িয়ে ছিল এবং অভিভাবক বা কেবিন ক্রু কেউই তাকে সিট বেল্ট পরাতে ব্যর্থ হন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ফ্লাইট ৪৪৪-এর রাত ১০টা ৩০ মিনিটে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। বিমানটি রানওয়েতে ট্যাক্সিং শুরু করলে এই সমস্যা নজরে আসে। বিমানের নিরাপত্তা প্রবিধান অনুযায়ী, অনিরাপদ অবস্থায় ফ্লাইটটি উড্ডয়ন করা সম্ভব ছিল না। এ কারণে ক্রুরা বিমানটি টার্মিনালে ফিরিয়ে আনতে বাধ্য হন এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
বিমানবন্দরে রাত ১২টা ৩০ মিনিটের পর উড্ডয়নে নিষেধাজ্ঞা থাকায় ফ্লাইটটি বাতিল করতে হয়। যাত্রী এবং তাদের মালামাল নামানোসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময়ক্ষেপণ হওয়ায় নির্ধারিত কার্ফিউ সময়ের মধ্যে ফ্লাইটটি আর যাত্রা করতে পারেনি।
এই ঘটনার ফলে অন্যান্য যাত্রীদের বিমানবন্দরটিতেই রাত কাটাতে হয়। পরবর্তীতে শুক্রবারের অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে পোর্টার এয়ারলাইন্স। এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থাটি।