যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জয় ঘোষণার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হলে পারমাণবিক সমঝোতা ছাড়াই তেহরানের সঙ্গে এই যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিতে পারেন ট্রাম্প। এই সিদ্ধান্তটি ট্রাম্পের ইরান নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে। বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা। ট্রাম্প ব্যক্তিগতভাবে তার সহযোগীদের জানিয়েছেন, ইরানের পারমাণবিক চুক্তি ছাড়াই তিনি বর্তমান লড়াই থেকে সরে আসতে প্রস্তুত।
ট্রাম্পের দাবি, গত জুনে ইরানের প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হওয়ার পর দেশটির পক্ষে পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করা অত্যন্ত কঠিন। মার্কিন সামরিক হুমকির কারণেই ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা গেছে বলে তিনি মনে করেন।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকলে এবং হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে পারেন। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। অথচ এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্ত থাকা বাধ্যতামূলক।