যুক্তরাষ্ট্রের আলাস্কার ফাররাগাট বে এলাকায় জ্বালানি ফুরিয়ে বিপাকে পড়া একটি ছোট নৌযানকে উদ্ধার করেছে ‘ওয়াইল্ডারনেস লিগ্যাসি’ নামের একটি ক্রুজ জাহাজ। উদ্ধারকাজ পরিচালনার সময় দেখা গেছে, বিপদে পড়া নৌযানটির সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল মার্ক জাকারবার্গের মালিকানাধীন সুপার ইয়ট ‘লঞ্চপ্যাড’। বিষয়টি জানার পর উদ্ধারকারী জাহাজের যাত্রীরা জাকারবার্গের ইয়টের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
উদ্ধারকারী জাহাজের যাত্রী মাইকেল লাভ ব্লুস্কাই-তে দাবি করেন, জাহাজের ক্যাপ্টেন তাদের জানিয়েছিলেন যে জাকারবার্গের ইয়টটি কাছে থাকলেও তারা সাড়া দেয়নি। এআইএস ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে, লঞ্চপ্যাড ইয়টটি বিপাকে পড়া নৌযানের কাছে থাকলেও সেটি বায়ের প্রবেশমুখে থেমে ছিল। পরে ওয়াইল্ডারনেস লিগ্যাসি জাহাজটি পাশ দিয়ে গিয়ে বিপাকে পড়া নৌযানটিকে নিরাপদে টেনে নিয়ে আসে।
এ বিষয়ে ইউএস কোস্ট গার্ডের পাবলিক অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ শ্যানন শেফার্ড জানিয়েছেন, কোস্ট গার্ড নিশ্চিত হয়েছিল যে নৌযানটি বড় কোনো সংকটে নেই এবং সে অনুযায়ী সহায়তা চেয়ে বার্তা পাঠানো হয়েছিল।
এদিকে মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের মুখপাত্র ব্রায়ান বেকার জানিয়েছেন, ঘটনার সময় জাকারবার্গ বা তার পরিবারের কেউ ইয়টে ছিলেন না। তিনি আরও বলেন, নৌযানটি বিপৎসীমার মধ্যে ছিল না এবং জাকারবার্গের ইয়টের ক্রুরা যখন কোস্ট গার্ডের বার্তাটি শুনতে পান, ততক্ষণে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছিল। সব পক্ষ নিরাপদে থাকায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।