যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের মেফিল্ড শহরে এক মিডল স্কুলের শিক্ষিকাকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ২৫ বছর বয়সী ওই শিক্ষিকার নাম স্যাডি এম. ফ্লোরেস। গত ১৫ জুলাই কেনটাকিতে কার্যকর হওয়া নতুন ‘অ্যান্টি-গ্রুমিং’ আইনের অধীনে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গ্রেভস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা তার ইলেকট্রনিক ডিভাইসের তথ্য জব্দ করেছেন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রুভস কাউন্টি রেস্ট্রিক্টেড কাস্টডি সেন্টারে রাখা হয়, পরে তাকে অন্য একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর গ্রভস কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ম্যাট ম্যাডিং জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি শেরিফ কার্যালয়কে অবহিত করে। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, শিক্ষার্থীর নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এই ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
কেনটাকির নতুন এই আইনে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন নির্যাতনের আগেই কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা বা গ্রুমিং করেন, তবে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান থাকায় শিক্ষার্থীর বয়স বা ঘটনার বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে এই ঘটনায় আরও চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।