যুক্তরাজ্যে নেটিফ্লিক্সের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতা চার্লি কার্কের হত্যাকাণ্ডের বার্ষিকীতে ‘গাড়ে আঘাত’ (neck injury) সংক্রান্ত মন্তব্য করা হয়েছে। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। মূলত চার্লি কার্কের মৃত্যুর এক বছর পূর্তিতে এই পোস্টটি দেওয়া হয়।
পোস্টটি সম্পর্কে নেটিফ্লিক্স জানিয়েছে, তারা তাদের জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলমেন’-এর একটি দৃশ্য তুলে ধরতে চেয়েছিল। সিরিজে অভিনেতা থিও জেমস এবং কায়া স্কোডেলারিও-এর মধ্যকার একটি মুহূর্তকে কেন্দ্র করে নেটিফ্লিক্সের অ্যাকাউন্টে লেখা হয়, ‘প্রায় ঘাড়ের ইনজুরি করে ফেলেছিল সে’।
পোস্টটি দেওয়ার পরপরই বিভিন্ন রক্ষণশীল ব্যবহারকারী এর তীব্র প্রতিবাদ জানান। সমালোচকদের অভিযোগ, চার্লি কার্ককে এক বছর আগে ঠিক এই দিনে উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে গুলিতে হত্যা করা হয়েছিল। তারা দাবি করেছেন যে, নেটিফ্লিক্স এই বিশেষ দিনে এ ধরনের পোস্ট করে পরোক্ষভাবে তাকে ব্যঙ্গ করেছে।
নেটফ্লিক্সের মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছেন, পোস্টটি চার্লি কার্কের ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। তারা এই তুলনাকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেছেন। মুখপাত্রের ভাষ্যমতে, এই পোস্টটি সরাসরি ‘দ্য জেন্টলমেন’ সিরিজের একটি প্লট পয়েন্টকে নির্দেশ করে, যার দ্বিতীয় সিজন ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। বাস্তব জীবনের কোনো সংবেদনশীল ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত বছর ১০ সেপ্টেম্বর চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাকে নিয়ে বিভিন্ন সময় হওয়া মন্তব্যগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বর্তমানে নেটিফ্লিক্সের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়নি।