যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিউলিয়ানির মুখপাত্র নাইন-ইলেভেনের বিষাক্ত বাতাস এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে বর্তমান মেয়র জোহরান মামদানির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নাইন-ইলেভেনের হামলার ২৫তম বার্ষিকীর প্রাক্কালে সিটির গোপন নথি প্রকাশ নিয়ে এই উত্তপ্ত বিতর্কের সূত্রপাত হয়েছে।
মেয়র মামদানি অভিযোগ করেন, ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর শহরের তৎকালীন কর্মকর্তারা বিষাক্ত বাতাসের বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিলেন। এর প্রতিক্রিয়ায় গিউলিয়ানির মুখপাত্র টেড গুডম্যান বলেন, মেয়র মামদানি সস্তা রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। তিনি হামলার জন্য দায়ীদের উপেক্ষা করে স্থানীয় কর্মকর্তাদের দোষারোপ করছেন বলে অভিযোগ তোলেন।
গুডম্যানের ভাষ্যমতে, নাইন-ইলেভেনের মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য কেবল সন্ত্রাসীরাই দায়ী। ঘটনার পর স্বাস্থ্যঝুঁকি নিয়ে যেসব তথ্য পাওয়া গিয়েছিল, তার ওপর ভিত্তি করেই তৎকালীন কর্তৃপক্ষ কাজ করেছিল। তিনি মনে করিয়ে দেন যে, সেই সময় পরিবেশগত নিরাপত্তা নিয়ে ফেডারেল সংস্থা ইপিএ-ও বিবৃতি দিয়েছিল।
উল্লেখ্য, নাইন-ইলেভেন হামলার পর সিটি কর্তৃপক্ষের সাড়া দেওয়ার প্রক্রিয়া সংক্রান্ত প্রায় ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করেছেন মেয়র মামদানি। একটি অনলাইন পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষের জন্য এই তথ্য উন্মুক্ত করা হয়েছে। এসব নথির মধ্যে তৎকালীন গিউলিয়ানি প্রশাসনের কিছু মেমোও রয়েছে, যেখানে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবার্তা ও পরিচ্ছন্নতা অভিযান নিয়ে উদ্বেগের তথ্য উঠে এসেছে।
এদিকে, এই নথি প্রকাশের পরপরই ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমান মেয়রের সমালোচনা করেছেন। অনেক পরিবার মনে করছেন, মেয়র মামদানি রাজনীতির জন্য এই স্পর্শকাতর বিষয়টিকে ব্যবহার করছেন। তাই তারা নাইন-ইলেভেনের স্মৃতিচারণ অনুষ্ঠানে তাকে উপস্থিত না থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের অনেকে পরবর্তী সময়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এসব রোগ যে হামলার পরবর্তী পরিবেশগত পরিস্থিতির কারণে হয়েছে, তা নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্ক ও আইনি লড়াই চলছে। বর্তমানে সিটি কর্তৃপক্ষ আদালতের নির্দেশে এসব নথি জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হয়েছে।