আয়ারল্যান্ডের ডাবলিনে রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি তার প্রতিদ্বন্দ্বী এয়ারলাইনসগুলোকে ‘উচ্চ ভাড়ার ধর্ষক’ (high-fare rapists) বলে অভিহিত করার পর সৃষ্ট বিতর্কের জেরে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। বার্ষিক শেয়ারহোল্ডার সভার আগে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ও’লিয়ারির এমন শব্দচয়ন যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য অপমানজনক হওয়ায় ডাবলিন রেপ ক্রাইসিস সেন্টার (DRCC) তার কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানায়।
কেন এই বিতর্ক
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ও’লিয়ারি দাবি করেন, মানুষ ইউরোপের অন্যান্য এয়ারলাইনসের উচ্চ মূল্যের হাত থেকে বাঁচতে রায়ানএয়ারের সাশ্রয়ী ভাড়ার দিকে ঝুঁকছে। তিনি সরাসরি ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফথানসার মতো প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন। ক্ষমা চাওয়ার আহ্বানের জবাবে ও’লিয়ারি দাবি করেন, তার মন্তব্যে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে খাটো করা হয়নি। ফলে তিনি ক্ষমা চাইবেন না বা ডাবলিন রেপ ক্রাইসিস সেন্টারের প্রশিক্ষণের প্রস্তাবও গ্রহণ করবেন না।
প্রতিক্রিয়া
ডাবলিন রেপ ক্রাইসিস সেন্টারের প্রধান নির্বাহী র্যাচেল মরোঘ জানান, ও’লিয়ারির মন্তব্যের পর অনেক ভুক্তভোগী তাদের কাছে ফোন করে ক্ষোভ ও কষ্ট প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সস্তা প্রচারণার জন্য রায়ানএয়ার প্রধান এ ধরনের ভাষা ব্যবহার করেছেন।
আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এই শব্দচয়নকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাজ্যের পরিবহন সচিব হাইডি আলেকজান্ডার বলেন, এ ধরনের মন্তব্যের পর ভুক্তভোগীরা তার এয়ারলাইনসের টিকিট বুক করতে আগ্রহী হবেন না। ও’লিয়ারির অতীতেও এ ধরনের বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে। ২০০৪ সালে তিনি স্ট্যানস্টেড বিমানবন্দরের মালিকদের একইভাবে অভিহিত করেছিলেন এবং অতীতে তার নিজস্ব কর্মীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন।