যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সুপ্রিম কোর্ট খুনের মামলার আপিলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানোয়াট সাক্ষী ও মিথ্যা পুলিশের সাক্ষ্য উপস্থাপন করায় স্টিফেন অ্যারনস নামের এক আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা করেছে। আদালতের নির্দেশে তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আদালত জানায়, ওই আইনজীবী এআই দ্বারা তৈরি নথির তথ্য এবং আইনি বৈধতা যাচাই করতে ব্যর্থ হয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, আইনজীবী স্টিফেন অ্যারনসের জমা দেওয়া নথিতে অস্তিত্বহীন সাক্ষীদের কাল্পনিক সাক্ষ্য এবং অপরাধীর পোশাক ও শারীরিক গঠন সম্পর্কে ভুল তথ্য ছিল। গত আগস্ট মাসে অনুষ্ঠিত শুনানিতে বিচারপতি সি. শ্যানন বেকন আইনজীবীর কাছে জানতে চান, তিনি বিশ্বজুড়ে এআই নিয়ে চলমান আলোচনা বা খবরগুলো অনুসরণ করেন কি না। ওই শুনানিতে আইনজীবী স্বীকার করেন যে, তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন এই ভেবে যে এটি তার মক্কেলের মামলার একটি নিখুঁত সারসংক্ষেপ তৈরি করে দেবে।
বিচারপতি বেকন এ সময় বলেন, আইনজীবী যেভাবে এআই-এর ওপর অন্ধভাবে নির্ভর করে ভুল তথ্য উপস্থাপন করছেন, তা নিয়মিত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই প্রযুক্তির ঝুঁকি সম্পর্কে সচেতন না থাকা একজন আইনজীবীর জন্য বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
এর আগেও বিভিন্ন দেশে আইনজীবীদের বিরুদ্ধে এআই-এর মাধ্যমে তৈরি ভুয়া আইনি রেফারেন্স ও মিথ্যা উদ্ধৃতি ব্যবহারের অভিযোগ উঠেছে। গত বছর একাধিক আইনি প্রতিষ্ঠানকে তাদের নথিতে মিথ্যা তথ্য ব্যবহারের জন্য তিরস্কার করেছিল আদালত।
নিজেকে নির্দোষ দাবি করে স্টিফেন অ্যারনস জানিয়েছেন, এটি অনিচ্ছাকৃত একটি ভুল ছিল এবং তিনি এই ভুলের জন্য অনুতপ্ত। তিনি আশা প্রকাশ করেন যে, তার এই ভুলের বিষয়টি ডিসিপ্লিনারি বোর্ড নজরে রাখবে।