যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দেশটির সরকার যদি অজ্ঞাত আকাশযান বা ইউএপি (Unidentified Anomalous Phenomena) সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানত, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবে তা জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রকাশ করতেন। তিনি মঙ্গলবার ‘দ্য কেটি মিলার পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। ইউএপি নিয়ে সরকারি গোপনীয়তার অভিযোগের প্রেক্ষাপটে তার এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সাক্ষাৎকারে রুবিও বলেন, তিনি সিনেটর থাকাকালীন সময় থেকেই ইউএপি নিয়ে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, আমাদের সামরিক স্থাপনার ওপর দিয়ে অজানা বস্তু উড়তে দেখা যাচ্ছে, যা আমাদের নয় এবং এগুলো নিয়ে গুরুত্বসহকারে তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, যদি প্রশাসনের কাছে এই বিষয়ে কোনো বড় তথ্য থাকত, তবে প্রেসিডেন্ট ট্রাম্প ছবি বা ভিডিও প্রকাশের মাধ্যমে সরাসরি জনগণের সামনে তা তুলে ধরতেন।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে প্রতিরক্ষা বিভাগকে ভিনগ্রহের প্রাণ বা ইউএপি সংক্রান্ত সরকারি নথিপত্র চিহ্নিত করে তা প্রকাশের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের দাবি, স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রেসিডেন্ট এই উদ্যোগ নিয়েছেন।
সাক্ষাৎকারে রুবিও স্বীকার করেন যে, সিনেটে থাকাকালীন সময়ে তিনি সাংবাদিকদের বিভ্রান্ত করতে অনেক সময় ইউএপি প্রসঙ্গ ব্যবহার করেছেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, বিষয়টি মোটেও হালকা কোনো বিষয় নয়, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন ফেডারেল সংস্থাকে নির্দেশ দিয়েছেন, যেন সরকারি নথিপত্র প্রকাশের ক্ষেত্রে প্রাক্তন কর্মকর্তাদের গোপনীয়তার চুক্তি বা এনডিএ (NDA) শিথিল করা হয়। যাতে যারা ইউএপি সংক্রান্ত তথ্য জানেন, তারা নির্ভয়ে সরকারের দায়িত্বশীল দপ্তরের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন।