যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্ড-ক্লাস বিমানবাহী রণতরীতে বাষ্পীয় ক্যাটাপুট বা স্টিম ক্যাটাপুট ফিরিয়ে আনার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এই নির্দেশনার পাশাপাশি সাবমেরিন মেরামতের জটিলতা কমাতে দেশটিতে পঞ্চম সরকারি শিপইয়ার্ড তৈরির প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
প্রেসিডেন্টের সই করা জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি স্মারকলিপিতে এই পরিবর্তনের কথা বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে নির্মাণাধীন ডরিস মিলারসহ সব ফোর্ড-ক্লাস রণতরীতে আধুনিক ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেমের (ইএমএএলএস) পরিবর্তে নিমিটজ-ক্লাস রণতরীর মতো বাষ্পীয় ক্যাটাপুট এবং হাইড্রোলিক লিফট সিস্টেম স্থাপন করতে হবে।
বর্তমানে ব্যবহৃত ইএমএএলএস প্রযুক্তিটি নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন। গত বছরের অক্টোবরে জর্জ ওয়াশিংটন রণতরীতে থাকাকালীন তিনি স্পষ্ট করেছিলেন যে, ভবিষ্যতে নতুন কোনো রণতরী নির্মাণের ক্ষেত্রে স্টিম ক্যাটাপুট ও হাইড্রোলিক লিফট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে তিনি নির্বাহী আদেশ জারি করবেন।
এই সিদ্ধান্তের ফলে সামরিক প্রস্তুতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্মাণের মাঝামাঝি পর্যায়ে এসে নকশা পরিবর্তন করলে প্রকল্প ব্যয় ও সময়ের ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। এছাড়া এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপরও প্রভাব ফেলতে পারে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ফোর্ড-ক্লাস রণতরীগুলোতে বাষ্পীয় ব্যবস্থা ফিরিয়ে আনা প্রযুক্তিগতভাবে বেশ চ্যালেঞ্জিং। কারণ বর্তমানে এই রণতরীগুলোর বেশিরভাগ যন্ত্রাংশই বিদ্যুৎনির্ভর। তাই স্টিম লাইনগুলো পুনঃস্থাপনের জন্য জাহাজের নকশায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন হবে। এছাড়া দীর্ঘ ২০ বছর ধরে বাষ্পীয় ক্যাটাপুট উৎপাদন না হওয়ায় নতুন করে এর উৎপাদন লাইন চালু করতেও বিশাল বিনিয়োগ ও সময়ের প্রয়োজন।
স্মারকলিপি অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে আগামী ১২০ দিনের মধ্যে সাবমেরিন ও বিমানবাহী রণতরীর সক্ষমতা বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। এতে নতুন শিপইয়ার্ডের অবস্থান, শুষ্ক ডকের ধারণক্ষমতা এবং প্রয়োজনীয় অর্থায়নের রূপরেখা উল্লেখ করতে হবে। নৌবাহিনী বর্তমানে এই নতুন শিপইয়ার্ডের জন্য প্রয়োজনীয় জনবল ও পরিকাঠামো নিয়ে সম্ভাব্যতা যাচাই করছে।