চীনের হেইহে এবং রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহরের মধ্যে আকাশপথে সংযোগ স্থাপনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক রোপওয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চীন (হেইলুংচিয়াং) পাইলট ফ্রি ট্রেড জোনের হেইহে অংশের ব্যবস্থাপনা কমিটির উপপরিচালক ঝাং ছিজুন জানিয়েছেন, হেইলংজিয়াং নদীর ওপর নির্মিত এই রোপওয়ে চালু হলে মাত্র ৬ থেকে ৮ মিনিটে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা সম্ভব হবে। দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং মানুষের চলাচল আরও সহজ করতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। হেইহে-ভিত্তিক জিনলংগাং কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছাও সিনহং জানান, নদীটির ৯৭০ মিটার দীর্ঘ অংশের ওপর রোপওয়েটি পরিচালিত হবে। এতে দুটি কেবিন থাকবে এবং প্রতিটি কেবিনে একসঙ্গে সর্বোচ্চ ১১০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। রোপওয়েটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১২ মিটার গতিতে চলতে সক্ষম এবং এর বার্ষিক যাত্রী পরিবহন সক্ষমতা ২৬ লাখ।
বর্তমানে হেইহে ও ব্লাগোভেশচেনস্কের মধ্যে ফেরি ও ২০২২ সালে চালু হওয়া মহাসড়ক সেতু দিয়ে যাতায়াত করা যায়। রোপওয়ে চালু হলে এটি হবে এই দুই শহরের মধ্যে যাতায়াতের তৃতীয় মাধ্যম। যোগাযোগের এই আধুনিকায়ন সীমান্তবর্তী এলাকায় অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যেই চীন ও রাশিয়ার মধ্যে সীমান্ত পারাপার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে হেইহে বন্দর দিয়ে ৫ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ যাতায়াত করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেশি। দুই দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।