যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড (সিভিএন ৭৮)-এর মেরামত ও আধুনিকায়ন কাজ নির্ধারিত ছয় মাসের মধ্যেই শেষ করা হবে। দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা এবং জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা সত্ত্বেও এই লক্ষ্যমাত্রায় অনড় রয়েছে নৌবাহিনী।
নরফোক নেভাল শিপইয়ার্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ক্যাভন হাকিমজাদা সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, মার্চ মাসে জাহাজে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বাণিজ্যিক অংশীদারদের সহায়তায় এবং আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে এই মেরামত কাজ চলছে।
জাহাজটির রক্ষণাবেক্ষণ পরিস্থিতি নিয়ে হাকিমজাদা বলেন, মেরামতের জন্য আগে থেকেই ছয় মাসের পরিকল্পনা ছিল। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সেই সময়সীমার মধ্যেই জাহাজটি আবারও পুরোপুরি কার্যকর করে নৌবহরে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইতিহাসের অন্যতম দীর্ঘ সময় সমুদ্রে কাটানোর রেকর্ড গড়েছে। জাহাজটি মোট ৩২৬ দিন সমুদ্রে মোতায়েন ছিল, যা ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম। এর আগে ২০১৯ ও ২০২০ সালে ইউএসএস আব্রাহাম লিংকন ২৯৪ দিন সমুদ্রে থেকে রেকর্ড গড়েছিল।
মে মাসে জাহাজটি নরফোকের নৌঘাঁটিতে ফিরে আসে। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে জাহাজটির বাড়তি রক্ষণাবেক্ষণ প্রয়োজন হতে পারে বলে মে মাসে উদ্বেগ প্রকাশ করেছিলেন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই কাজ শেষ করা হবে।