যুক্তরাষ্ট্রের আলাস্কার সেন্ট লরেন্স দ্বীপের কাছে বেরিং সাগরে তিন দিন ধরে প্রতিকূল পরিবেশে উল্টে যাওয়া নৌকার ওপর টিকে থাকার পর ১৫ বছর বয়সী ডেরেক পার্কার আগনাঙ্গা নামের এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ওই কিশোরের বড় ভাই ৩৫ বছর বয়সী সিডনি কুলোউইয়ী এবং তাদের এক চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার আলাস্কার সাভুনগা গ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হওয়ার পর তারা নিখোঁজ হন। সোমবার সকালে সেন্ট লরেন্স দ্বীপের প্রায় চার মাইল পূর্বে একটি কোস্ট গার্ডের বিমান থেকে উল্টে যাওয়া নৌকাটির ওপর ওই কিশোরকে দেখা যায়। পরবর্তীতে নর্থওয়েস্ট এক্সপ্লোরার নামের একটি মাছ ধরার জাহাজের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোর উদ্ধারকারীদের জানিয়েছে, তার চাচাতো ভাই আগেই সাগরে হারিয়ে গেছেন এবং তার বড় ভাই নৌকার নিচেই আটকে ছিলেন। উদ্ধারকারীরা কিশোরটিকে জীবিত উদ্ধার করলেও দুর্ভাগ্যবশত অপর দুইজনের মরদেহও খুঁজে পান। উদ্ধারের সময় ওই কিশোর হাইপোথার্মিয়ায় আক্রান্ত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নোম শহরে স্থানান্তর করা হয়েছে।
এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে ইউএস কোস্ট গার্ডের আর্কটিক ডিস্ট্রিক্ট, আলাস্কা রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার, এয়ার ন্যাশনাল গার্ড এবং স্থানীয় কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে নৌকাটি ডুবে গিয়েছিল তা এখনও জানা যায়নি। স্থানীয়ভাবে ওই এলাকায় হ্যালিবুট মাছ ধরা একটি গুরুত্বপূর্ণ জীবিকা, যা এই মর্মান্তিক ঘটনায় বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।