যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্যবসায় বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডস জানিয়েছেন, দেশটির সাউথ ইয়র্কশায়ারের রদারহাম, স্টকসব্রিজ এবং ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়েডনেসবারিতে অবস্থিত স্পেশালিটি স্টিল ইউকে (এসএসইউকে) অধিগ্রহণের পরিকল্পনা করছে সরকার। রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশটির ইস্পাত শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে হাইকোর্টের নির্দেশে লিকুইডেশনের মুখে পড়া এই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ গত বছর সাময়িকভাবে সরকার গ্রহণ করেছিল। রেনল্ডস জানান, চলতি বছরের শুরুর দিকে একটি দরদাতা প্রতিষ্ঠান এসএসইউকে কিনতে আগ্রহী হলেও তাদের প্রস্তাবিত অর্থায়ন এবং করদাতাদের সুরক্ষার বিষয়টি নিয়ে গুরুতর উদ্বেগ থাকায় সরকার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ১,৩০০ কর্মী কর্মরত আছেন। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় অনেক কর্মী বর্তমানে হ্রাসকৃত বেতনে ফার্লোতে রয়েছেন। সরকারি এই অধিগ্রহণ প্রক্রিয়ার ফলে প্রতিষ্ঠানটি লিকুইডেশন প্রক্রিয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং এর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী।
জোনাথন রেনল্ডস আরও বলেন, সরকারি এই উদ্যোগের ফলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্ভাবনা যাচাইয়ের পর্যাপ্ত সময় পাওয়া যাবে। এছাড়া এটি ভবিষ্যতে শিল্প উন্নয়ন এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সরকারি বাজেটের মাধ্যমে এই অধিগ্রহণ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে।
ইউনাইট ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, কর্মসংস্থান রক্ষায় সরকারের এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দ্রুততার সাথে জাতীয়করণের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।