ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে কটাক্ষ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) একটি ইসরায়েলি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ গণমাধ্যমে ইসরায়েলকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তার সমালোচনা করতেই তিনি এমন ভাষা ব্যবহার করেন।
পডকাস্টে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে নেতানিয়াহু বলেন, তৎকালীন ব্রিটিশ সংবাদমাধ্যমে ইসরায়েল সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও বর্তমান ব্রিটেনে তার বিপরীত চিত্র দেখা যায়। এ সময় তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, এখনকার ব্রিটেনকে চাইলে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলা যেতে পারে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ২০২২ সালের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিটেন বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থী দেশে পরিণত হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
নেতানিয়াহুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ ও আইরিশ ইহুদি সম্প্রদায়ের সংগঠন ‘মুভমেন্ট ফর প্রোগ্রেসিভ জুডাইসম’। সংগঠনের যৌথ প্রধান রাবাই চার্লি বাগিনস্কি ও রাবাই জোশ লেভ বলেন, ব্রিটেনে যখন সামাজিক বিভাজন ও বিদ্বেষপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, তখন প্রধানমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। তারা স্পষ্ট করেন যে, নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না।
ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। বর্তমান ব্রিটিশ সরকার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করা, কিছু অস্ত্র রপ্তানি বন্ধ করা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ব্রিটিশ সরকার ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।