যুক্তরাজ্যের ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে তীব্র দাবদাহ ও খরার কারণে ভয়াবহ দাবানলের ঝুঁকি তৈরি হওয়ায় সরকার ডিসপোজেবল বারবিকিউ বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পুরো দেশ অনেকটা ‘বারুদের স্তূপের’ মতো হয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ২০০ সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে, যারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন।
প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানান, দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে গোর্খা লজিস্টিক টিম ও সামরিক প্রকৌশলীদের পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও সেনা সদস্য মোতায়েন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ডিসপোজেবল বারবিকিউ নিরাপদ পণ্য নয় এবং এগুলো অনলাইন বা দোকান থেকে আপাতত বিক্রি করা যাবে না।
দেশজুড়ে দাবদাহের কারণে গত গ্রীষ্মের মাসগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে ইংল্যান্ড ও ওয়েলসে মোট ১,০১৭টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডসে ভয়াবহ দাবানলে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দক্ষিণ ওয়েলসেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ফলে অনেক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্যবসায় ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডস এই সিদ্ধান্তকে জীবন ও পরিবেশ রক্ষার জন্য একটি সাধারণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী বার্নহাম জোর দিয়ে বলেছেন যে, বর্তমান জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে। তিনি ভবিষ্যতে অগ্নিনির্বাপক বিমান ব্যবহারের পরিকল্পনা এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও উল্লেখ করেছেন। এদিকে ফ্রেন্ডস অব দ্য আর্থসহ পরিবেশবাদী গোষ্ঠীগুলো জলবায়ু সংকটের মূল কারণ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।