যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে একাধিক ধর্ষণের দায়ে ১০২ বছরের কারাদণ্ড ভোগকারী সাবেক গোয়েন্দা মাইকেল ডগলাস ব্রাম্বলসকে নতুন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্যানুযায়ী, সত্তরের দশকের শেষদিকে বা আশির দশকের শুরুর দিকে সংঘটিত একটি পুরনো অপরাধের (কোল্ড কেস) তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে তাকে আবারও গ্রেফতার করা হয়। এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ, ক্যালিফোর্নিয়ার একটি আইন ব্যবহার করে সাজা ভোগ করার আগেই ২০২০ সালে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
৭৭ বছর বয়সী ব্রাম্বলসের বিরুদ্ধে এবার ডাকাতির উদ্দেশ্যে অপহরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের ভাষ্যমতে, তার বিরুদ্ধে সহিংসতা ও অত্যন্ত পরিকল্পিতভাবে অপরাধ সংঘটনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি সমাজ ও জনগণের জন্য চরম ঝুঁকির কারণ হতে পারেন।
অভিযোগ অনুযায়ী, ব্রাম্বলস ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকস এলাকায় আরবেলার বুটিকে ঢুকে এক নারীকে বন্দুকের মুখে জিম্মি করেন। এরপর তাকে দোকানের পেছনের কক্ষে নিয়ে হাত বেঁধে যৌন নির্যাতন চালান এবং মালামাল লুট করেন। যদিও যৌন নির্যাতনের অভিযোগটি আইনি সীমাবদ্ধতার কারণে আদালতে সরাসরি পেশ করা সম্ভব হচ্ছে না, তবে অপহরণের ঘটনায় তার বিচার হবে।
ঘটনার সময় ব্রাম্বলসকে অপরাধী হিসেবে শনাক্ত করা হলেও তৎকালীন সময়ে তিনি অন্যান্য ডাকাতি ও যৌন নির্যাতনের মামলায় ২৬টি অভিযোগে দোষী সাব্যস্ত ছিলেন। ওই সময় তাকে ১০২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ সময় তিনি কারাগারে কাটাবেন বলে ধরে নিয়েছিলেন ভুক্তভোগী নারী। কিন্তু ক্যালিফোর্নিয়ার বয়স্ক বন্দিদের মুক্তি দেওয়ার একটি বিতর্কিত আইন কাজে লাগিয়ে ২০২০ সালে তিনি ছাড়া পেয়ে যান।
ফেডারেল সেক্সুয়াল অ্যাসল্ট কিট ইনিশিয়েটিভের আওতায় ভেনচুরা কাউন্টির তদন্তকারীরা পুরনো এই মামলাটি পুনরায় পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান যে ব্রাম্বলস কারাগারের বাইরে মুক্ত আছেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ২০ লাখ ডলার জামানতে ভেনচুরা কাউন্টির কারাগারে বন্দি রয়েছেন।
এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, অপরাধী মুক্ত জেনে তিনি স্তম্ভিত ছিলেন। তিনি বলেন, এতদিন পর বিচার পাওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক নাসারেনকো জানিয়েছেন, ভুক্তভোগী নারীর সাহস ও দৃঢ়তার কারণেই ব্রাম্বলসকে ফের আইনের মুখোমুখি করা সম্ভব হয়েছে। দোষী সাব্যস্ত হলে ব্রাম্বলসের ১২ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।