যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ধরা পড়ার পর টাইরোন ব্রাজিল নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির গাড়িতে তার স্ত্রী লানেসা ব্র্যাডফোর্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লুইজিয়ানার বাটন রুজ এলাকায় একটি পার্কের ভেতর ঝগড়ার জেরে ব্রাজিল তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন। এরপর স্ত্রীর মৃতদেহ গাড়ির সামনের সিটে বসিয়ে তিনি বেশ কয়েকটি রাজ্য পাড়ি দিয়েছেন।
নিহত লানেসা ব্র্যাডফোর্ডের দীর্ঘদিনের বন্ধু শেলিটকা ডেকার জানান, লানেসা স্বামী ব্রাজিলের হাত থেকে বাঁচতে গোপনে পালানোর পরিকল্পনা করেছিলেন। তিনি তার পরিবার ও পরিচিতদের সাথে যোগাযোগ করে দূরে কোথাও চলে যাওয়ার জন্য অর্থ জমানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই ব্রাজিল তাকে হত্যা করেন।
নিহতের কর্মস্থল বাটন রুজের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে তার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এরপর টেনেসির মেমফিসে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গাড়ি থামলে ধরা পড়েন ব্রাজিল।
ব্রাজিল বর্তমানে পলাতক আসামি হিসেবে মেমফিসে আটক রয়েছেন। তাকে লুইজিয়ানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লুইজিয়ানায় প্রত্যাবর্তনের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে খুনের অভিযোগ দায়ের করা হবে।