জাপানের তানেগাশিমা স্পেস সেন্টারে গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর দ্বিতীয় নজরদারি সেন্সর সম্বলিত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্পেস সিস্টেম কমান্ড (এসএসসি) জানিয়েছে, এই উদ্যোগটি জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে মহাকাশ বিষয়ক প্রথম দ্বিপক্ষীয় সহযোগিতা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণের লক্ষ্যে এই প্রযুক্তি মোতায়েন করা হয়েছে।
উৎক্ষেপণ হওয়া স্যাটেলাইটটির নাম কোয়াসি-জেনিত স্যাটেলাইট-৭ (কিউজেডএস-৭)। এটি এমআইটির লিংকন ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। এটি জাপানের কিউজেডএসএস কনস্টেলেশনের সপ্তম এবং সর্বশেষ স্যাটেলাইট, যা জিওসিনক্রোনাস আর্থ অরবিটে অবস্থান করবে। এই ব্যবস্থাটি মূলত জাপানের নিজস্ব জিপিএস হিসেবে কাজ করে এবং সামরিক ও বেসামরিক কাজে দিকনির্দেশনা প্রদান করে।
প্রকল্পের পটভূমি
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ২০১৯ সালে এই দ্বিপক্ষীয় প্রচেষ্টার উদ্যোগ নেয়। এর লক্ষ্য ছিল মহাকাশ পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে জাপানের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো। ২০২১ সালে যুক্তরাষ্ট্র এই প্রকল্পে অর্থায়ন শুরু করে। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই সিরিজের প্রথম সেন্সরটি মহাকাশে পাঠানো হয়েছিল।
তথ্য ব্যবস্থাপনা
এই দুটি সেন্সর থেকে প্রাপ্ত তথ্য যুক্তরাষ্ট্রের স্পেস সার্ভেইল্যান্স নেটওয়ার্কের (এসএসএন) কাছে পৌঁছাবে। নেটওয়ার্কটি পৃথিবী ও মহাকাশে থাকা রাডার ও টেলিস্কোপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে ১৮তম স্পেস ডিফেন্স স্কোয়াড্রন এই পুরো নেটওয়ার্কটি পরিচালনা করে থাকে।