ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, নিহতরা চিকিৎসার জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন। বুধবার ভোররাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অনেক অতিথি ভেতরে আটকা পড়েন।
প্রাথমিক ধারণা অনুযায়ী, হোটেলের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও অভিযানে যোগ দেন।
পুলিশের তথ্য অনুযায়ী, হোটেলের ভেতরে ঘন ধোঁয়া থাকায় দমকলকর্মীদের ওপরের তলায় পৌঁছাতে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে হোটেল বিদেষিণীতে অগ্নিকাণ্ডে মেঘালয়ের একই পরিবারের পাঁচ সদস্যসহ ৮ জন নিহত হয়েছিলেন। দুই দিনের ব্যবধানে রাজ্যে এটি দ্বিতীয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।