চীনের বাজারে প্রায় ৪৩ লাখ যানবাহন ত্রুটিপূর্ণ হিডেন ডোর হ্যান্ডেল বা লুকানো দরজার হাতলের কারণে ফিরিয়ে নেওয়া হচ্ছে, যা দেশটির অটোমোবাইল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রত্যাহার। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনার পর ইলেকট্রিক্যাল সিস্টেমে বিভ্রাট দেখা দিলে এই হাতলগুলো দিয়ে দরজা খোলা কঠিন হয়ে পড়ে, যা যাত্রী ও উদ্ধারকর্মীদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেসলা। চীনে বিক্রি হওয়া ও আমদানিকৃত প্রায় ৩০ লাখ মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস এবং মডেল এক্স গাড়ি এই তালিকার অন্তর্ভুক্ত। টেসলা জানিয়েছে, তারা বিনামূল্যে গাড়িতে সতর্কবার্তা লেবেল লাগিয়ে দেবে। এছাড়া শাওমিসহ অন্য আটটি নির্মাতা প্রতিষ্ঠানও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।
অনেক নির্মাতা প্রতিষ্ঠান গাড়ির সফটওয়্যারে পরিবর্তন আনছে। দুর্ঘটনার পর গাড়ির জানালার কাঁচ স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে যাত্রীরা সহজে বের হতে পারেন এবং উদ্ধারকারীরাও দ্রুত কাজ করতে পারেন। সম্প্রতি চীনে শাওমির একটি সেডান দুর্ঘটনায় আটকে পড়া চালককে বাঁচাতে গিয়ে পথচারীরা দরজা খুলতে ব্যর্থ হয়েছিলেন, যা এই সংকটের ভয়াবহতাকে সামনে নিয়ে এসেছে।
চিন সরকার এই নকশার ওপর বড় ধরণের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ২০২৭ সাল থেকে চীনে লুকানো দরজার হাতল পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, গাড়ির ভেতর ও বাইরে এমন মেকানিক্যাল রিলিজ সিস্টেম থাকতে হবে যা বিদ্যুৎ সংযোগ ছাড়াও কাজ করবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনও টেসলার ইলেকট্রনিক ডোর হ্যান্ডেল নিয়ে তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে টেসলার ডিজাইন প্রধান ফ্রাঞ্জ ভন হোলজহাউসেন জানিয়েছেন, তারা বৈদ্যুতিক ও ম্যানুয়াল রিলিজ সিস্টেমের সমন্বয়ে নতুন ডিজাইন নিয়ে কাজ করছেন।