যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নিখোঁজ নিউ ইয়র্কের বাসিন্দা ৬৩ বছর বয়সী আলিসা গুডসের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরের ড্রেনেজ ডিচ বা নর্দমা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আলিসা গুডস পাঁচ সন্তানের দাদি ছিলেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, ১০ আগস্ট তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। ৮ আগস্ট তিনি তার এক বন্ধুর বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৮ আগস্ট বিমানবন্দরের কাছাকাছি এলাকায় তিনি একটি বাঁধ থেকে পড়ে যান এবং পরে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে আর নড়াচড়া করতে দেখা যায়নি।
নিখোঁজ হওয়ার চারদিন পর ১২ আগস্ট আলিসার ফোন থেকে তার পরিবারের কাছে অদ্ভুত সব টেক্সট মেসেজ আসতে শুরু করে। মেসেজে গ্যাস বাবদ অর্থ এবং বিটকয়েন দাবি করা হয়। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলিসা গাড়ি চালাতেন না এবং লাস ভেগাসে তার কোনো ব্যক্তিগত গাড়িও ছিল না। এই মেসেজগুলো নিয়ে পরিবারে শুরু থেকেই সংশয় ছিল।
আলিসার ভাতিজি আলানা ক্যালোয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের পরিবার এখন গভীর শোকে আচ্ছন্ন। ঘটনার প্রকৃত কারণ এবং রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ।