ভারতের নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক আদেশে তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর ঘটনায় মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এনে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিনীত জোশীর পরিবর্তে নরেশ পাল গঙ্গওয়ারকে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তবে এই প্রশাসনিক পরিবর্তনেও শান্ত হয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। গত ৬ জুন থেকে ‘ককৰোচ জনতা পার্টি’ (সিজেপি) নামক সংগঠনের ব্যানারে এই আন্দোলন চলছে।
শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষা সচিবকে বদলির সরকারি ঘোষণার পর বৃহস্পতিবার রাতে তিনি অনশন ভাঙেন এবং বর্তমানে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চরম হতাশায় ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।