যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ৪২ হাজার মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও ৪৫ হাজার বাসিন্দাকে যেকোনো সময় ঘরবাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ট্রাককি মিডো ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টের ব্যাটালিয়ন চিফ শেন অ্যাকারসন জানিয়েছেন, শনিবার সিয়েরা নেভাদা পাহাড়ের পাদদেশ থেকে শুরু হওয়া এই ‘হক ফায়ার’ এখন শহরের আবাসিক এলাকাগুলোর দিকে দ্রুত ছড়িয়ে পড়ছে।
শেন অ্যাকারসন আরও জানান, দাবানলটি মানুষ সৃষ্ট বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, তবে ঘটনার বিস্তারিত এখনো তদন্তাধীন। এখন পর্যন্ত তিন উদ্ধারকর্মীসহ অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে প্রায় ৮০০ জরুরি কর্মী কাজ করছেন।
নেভাদার গভর্নর জো লোম্বার্ডো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ন্যাশনাল গার্ডকে মোতায়েন করেছেন। এর ফলে দাবানল মোকাবিলায় ফেডারেল সহায়তা পাওয়া সহজতর হবে। এক বিবৃতিতে গভর্নর বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তিনি সবাইকে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ মেনে চলার আহ্বান জানান।
শনিবার থেকে দাবানলটি ১৫ হাজার একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়া ও অপ্রত্যাশিত বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ওয়াশো কাউন্টির শেরিফ ডারিন বালাম বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়ে বলেছেন, বাসিন্দারা সরে গেলে উদ্ধারকর্মীদের জন্য কাজ করা অনেক সহজ হবে।
রেনো-স্পার্কস কনভেনশন সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া বাসিন্দাদের দাবানলের রিয়েল-টাইম তথ্য পাওয়ার জন্য ওয়াচ ডিউটি অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছরে এটি এই অঞ্চলের তৃতীয় বড় দাবানল। ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে অন্তত ৭৯টি বড় ধরনের দাবানল সক্রিয় রয়েছে এবং এ বছর এখন পর্যন্ত ৭০ লাখ একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে।