যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা)-এর নতুন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে আয়োজিত এই সভায় সংগঠনের সভাপতি ইলিয়াস এম সিকদার বাফলার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কমিউনিটির ঐক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই ফেডারেশন লস অ্যাঞ্জেলেসের ৩১টি বাংলাদেশি সংগঠনের সমন্বয়ে গঠিত, যা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সেতু হিসেবে কাজ করার অঙ্গীকার করেছে।
সভাপতি ইলিয়াস এম সিকদার তার বক্তব্যে জানান, বাফলা কোনো ব্যক্তি বিশেষের সংগঠন নয়, বরং এটি পুরো কমিউনিটির সম্পদ। তিনি বলেন, বাফলার মূল লক্ষ্য হলো কমিউনিটিকে আরও শক্তিশালী করা, প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা এবং সবার অংশগ্রহণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সভায় তিনি নতুন মেয়াদে ব্যক্তিগত বিভাজন ভুলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর দিয়ে সভাপতি জানান, বাফলার সংবিধান অনুযায়ী একটি ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক কার্যক্রম ও ব্যয়ের ওপর নজরদারি করবে। অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি তরুণ স্বেচ্ছাসেবকদের কাজে সম্পৃক্ত করে সংগঠনকে গতিশীল করার পরিকল্পনাও তুলে ধরা হয়।
সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল সভায় নতুন মেয়াদের পাঁচটি মূল অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ঐক্য, সামাজিক ও মানবিক কার্যক্রম, তরুণ প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। তিনি উল্লেখ করেন, বাফলা শুধু অনুষ্ঠাননির্ভর সংগঠন হবে না, বরং বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোই হবে তাদের অন্যতম লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন বাফলার ভাইস প্রেসিডেন্ট দাউদ বাফাতিয়া, অর্থ সম্পাদক ডা. রাসেল মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রতন, জনসংযোগ সম্পাদক মাসুক আল রায়হান ও সাংস্কৃতিক সম্পাদক শায়লা রুমীসহ কমিটির সদস্যরা। এছাড়া বোর্ড অব ট্রাস্টি, উপদেষ্টামণ্ডলী ও সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেন। আগামী দিনে কমিউনিটি ক্যালেন্ডার চালু এবং বাংলাদেশ ডে প্যারেডকে ঐক্যের প্রতীক হিসেবে আরও কার্যকরভাবে উদযাপনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।