যুক্তরাষ্ট্রের ওরেগনের ফরেস্ট গ্রোভ শহরের অদূরে একটি গ্রামীণ এলাকায় পাঁচ ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রধান সন্দেহভাজন ৩৬ বছর বয়সী বেঞ্জামিন চার্লস পার্কারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওয়াশিংটন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, রবিবার ওয়াশিংটনের ইনামক্ল এলাকায় একটি সেফওয়ে সুপারশপের পেছনে নিজ গাড়ির ভেতর পার্কারের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ফরেস্ট গ্রোভের ওই বাড়িতে গত শনিবার আগুনের ঘটনার পর পুলিশ পাঁচজনের মরদেহ এবং বেশ কিছু মৃত গৃহপালিত পশুকে উদ্ধার করে। এই ঘটনাটি অত্যন্ত জটিল এবং চাঞ্চল্যকর বলে মন্তব্য করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেরিফের কার্যালয়ের দাবি, এটি কোনো বিক্ষিপ্ত হত্যাকাণ্ড নয়, তবে এখনো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা ভুক্তভোগীদের সঙ্গে পার্কারের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা যায়নি।
তদন্তকারী কর্মকর্তা শ্যানন ওয়াইল্ড জানান, এমন জটিল তদন্ত প্রক্রিয়া তার ২২ বছরের কর্মজীবনে তিনি আগে দেখেননি। ঘটনার মোটিভ উদঘাটন এবং ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন গোয়েন্দারা। ঘটনাস্থলে উদ্ধার হওয়া মরদেহগুলো কাদের এবং ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
শেরিফ ক্যাপ্রিস ম্যাসি জানিয়েছেন, জনসাধারণের জন্য বর্তমানে কোনো হুমকি নেই। তবে ওই সম্পত্তি বা সেখানে বসবাসরত মানুষদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। ঘটনার তদন্তে এক ডজনেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করছে।