যুক্তরাজ্যের বার্মিংহামে নিয়ন্ত্রণ কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ক্রসকান্ট্রি ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার পর সোমবার থেকে তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করা হচ্ছে। ট্রেন অপারেটর ক্রসকান্ট্রি কর্তৃপক্ষ জানিয়েছে, গত রবিবার বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তাদের প্রায় সব পরিষেবা বাতিল করতে হয়েছিল। এই ঘটনায় গ্লাসগো থেকে পেনজ্যান্স পর্যন্ত বিস্তৃত রুটসহ বার্মিংহাম থেকে ম্যানচেস্টার রুটে বড় ধরনের বিঘ্ন ঘটে। এর প্রভাব পড়ে স্টোক-অন-ট্রেন্ট, কভেন্ট্রি ও উলভারহ্যাম্পটনের মতো শহরগুলোতে। একই সঙ্গে লিডস থেকে ইয়র্ক এবং চেলটেনহাম থেকে কার্ডিফের যাত্রী পরিবহনেও চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
সোমবার সকালের দিকে হাতেগোনা কিছু ট্রেন বাতিল হলেও কর্তৃপক্ষ জানায়, মূলত বিলম্বিত যাত্রা এবং কর্মী সংকটের কারণে এটি হয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনসূচি যাচাই করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। রবিবার টিকিট কাটা যাত্রীদের জন্য সেই টিকিট বুধবার পর্যন্ত ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের এই ঘটনায় ভোগান্তিতে পড়া যাত্রীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক যাত্রী শেষ গন্তব্যে পৌঁছাতে না পেরে বিকল্প ব্যবস্থায় ছুটতে বাধ্য হয়েছেন।
পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রেল পরিষেবার ভঙ্গুর অবস্থা কাটাতে আগামী বছর ক্রসকান্ট্রিকে জাতীয়করণ করা হবে। এদিকে ন্যাশনাল ইউনিয়ন অফ রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) এই ঘটনার পর রেলওয়ে নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর ব্যাক-আপ ব্যবস্থা পর্যালোচনার দাবি জানিয়েছে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। উল্লেখ্য, গত জুন মাসে ক্রসকান্ট্রিকে ব্রিটেনের সবচেয়ে খারাপ রেল অপারেটর হিসেবে চিহ্নিত করা হয়েছিল।