ভারতের নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে তীব্র আন্দোলনের মুখে শিক্ষা সচিব বিনীত যোশিকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বদলি করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি আগে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সরকারি প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ
ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অনিয়মের জেরে হতাশ হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকেই ফেইসবুকভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অনশন ও পরবর্তী পরিস্থিতি
শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেন জলবায়ু ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। শিক্ষা সচিবকে বদলির সরকারি ঘোষণার পর বৃহস্পতিবার রাতে তিনি তার অনশন ভাঙেন। বর্তমানে তিনি দিল্লির মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে, শিক্ষা সচিব পরিবর্তন করা হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।