রাশিয়ার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে রাশিয়া ভারতকে জ্বালানি ও সার সরবরাহের নিশ্চয়তা দিয়েছে, যা দুই দেশের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলেও ভারত যাতে জ্বালানি ও সারের সংকট না পায়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পুতিন। সোমবার মস্কোতে দুই নেতার শীর্ষ বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মানতুরভের সঙ্গে বাণিজ্য, অর্থনীতি ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক আন্তসরকার কমিশনের ২৭তম বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। আগামী সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিনের সম্ভাব্য সফরের আগেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।
পুতিন বলেন, ভারতীয় কৃষিখাতের চাহিদা মেটাতে রাশিয়া সব ধরনের সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতে এই সরবরাহ আরও বৃদ্ধির প্রস্তুতি রয়েছে। বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।
বৈঠকে এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পুতিনকে বিশেষ বার্তা পৌঁছে দেন এবং ব্রিকস শীর্ষ সম্মেলনে তাকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন। গত বছরের তুলনায় বর্তমানে দুই দেশের বাণিজ্য আবারও ঊর্ধ্বমুখী বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।