যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইসিই (ICE) কর্মকর্তারা স্থানীয়ভাবে হয়রানি ও বাধার সম্মুখীন হচ্ছেন। সংস্থাটির লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের পরিচালক থমাস জাইলস জানিয়েছেন, তাদের কর্মকর্তাদের বাড়ি পর্যন্ত অনুসরণ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের উত্ত্যক্তের শিকার হতে হচ্ছে। এছাড়া, স্থানীয় পুলিশ সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় তাদের কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।
থমাস জাইলস জানান, ক্যালিফোর্নিয়ার স্যানচুয়ারি সিটি বা আশ্রয়দানকারী শহরের নীতিমালা তাদের কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলছে। আগে স্থানীয় জেলখানা থেকে সহজেই অভিবাসীদের হেফাজতে নেওয়া সম্ভব হতো, কিন্তু এখন স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে সেই সহায়তা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতির কারণে কর্মকর্তাদের সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।
জাইলসের ভাষ্যমতে, বর্তমান নীতিমালার কারণে আইসিই কর্মকর্তারা লক্ষ্যবস্তুর বাড়িতে গিয়ে নক করা বা আশপাশে অবস্থান করার সুযোগ পান না। এর ফলে তাদের জনাকীর্ণ এলাকায় বা রাস্তায় ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করতে হয়। সাম্প্রতিক এক অভিযানে জুলিও আলবার্তো আরোকা-রদ্রিগেজ নামে হন্ডুরাসের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়, যাকে স্থানীয় পুলিশ মারামারির মামলায় গ্রেপ্তার করলেও পরবর্তীতে আইসিই-এর অনুরোধ সত্ত্বেও আটক না রেখে ছেড়ে দিয়েছিল।
আইসিই কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশকারী বিভিন্ন গোষ্ঠীর দ্বারা তারা প্রায়ই হয়রানির শিকার হন। জাইলস উল্লেখ করেন, অনেক সময় তাদের বাড়ি পর্যন্ত অনুসরণ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও হেনস্তা করা হয়। এরপরও তারা সংবিধান ও দেশের সুরক্ষায় নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান তিনি। লস অ্যাঞ্জেলেসে পরিচালিত সাম্প্রতিক অভিযানে ৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন।