জাপানের আমোরি অঞ্চলের হিরোসাকিতে ৩৯৬ টন ওজনের ঐতিহাসিক হিরোসাকি দুর্গটিকে সংস্কার শেষে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিতে ১ হাজার ৮০০ মানুষ হাতে হাত মিলিয়ে দড়ি টেনেছেন। হিরোসাকি সিটি পার্কস অ্যান্ড গ্রিন স্পেস বিভাগের প্রধান কেনসুকে হায়াসাকা জানিয়েছেন, এই ঐতিহাসিক স্থাপনাটিকে মূল অবস্থানে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অংশ নিতে প্রায় আট হাজার মানুষ আবেদন করেছিলেন, যা নির্ধারিত আসনের চার গুণেরও বেশি। সংস্কৃতি ঐতিহ্যের সংরক্ষণে সাধারণ মানুষের এই অংশগ্রহণ অত্যন্ত বিরল একটি দৃষ্টান্ত।
ঐতিহাসিক প্রেক্ষাপট
১৬১১ সালে নির্মিত এই দুর্গটি সুগারু রাজবংশের কেন্দ্র ছিল। ১৮১০ সালে পুনর্নির্মাণ করা এই স্থাপনাটি জাপানে অক্ষত থাকা মাত্র ১২টি দুর্গের অন্যতম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দুর্গটির প্রাচীর সংস্কারের জন্য ২০১৫ সালে ‘হিকিয়া’ নামক প্রাচীন জাপানি পদ্ধতিতে সেটিকে মূল স্থান থেকে ৭৮ মিটার দূরে সরিয়ে নেওয়া হয়। হিকিয়া পদ্ধতিতে কোনো ভবন না ভেঙে চাকার মতো রোলারের ওপর বসিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। ২০২৪ সালে ২ হাজার ১৮৫টি পাথর নিখুঁতভাবে বসিয়ে প্রাচীর পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়।
পরবর্তী পদক্ষেপ
আগস্ট মাসের শেষ পর্যন্ত দুর্গটি টানার এই প্রক্রিয়া চলবে, যেখানে মোট ৪ হাজার ১০০ জন স্বেচ্ছাসেবী মিলে স্থাপনাটিকে ৫ মিটার পর্যন্ত সরাবেন। বাকি ৭৩ মিটার পথ চলতি বছরের শেষের দিকে আধুনিক যন্ত্রপাতির সহায়তায় সম্পন্ন করা হবে। চেরি ব্লসম মৌসুমে এই দুর্গটি প্রতি বছর প্রায় ২০ লাখ পর্যটককে আকৃষ্ট করে, তাই এর সুরক্ষা নিশ্চিত করা কর্তৃপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।