যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রসারে বাধা সৃষ্টি করে দেশটির আধিপত্য খর্ব করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন বিশ্লেষক লিজ পিক। তার মতে, এই বাধা সৃষ্টির পেছনে চীন এবং আমেরিকান মার্কসবাদী নেভিল রয় সিংগাম সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। এই পরিস্থিতির কারণে দেশটিতে প্রায় ২৪ বিলিয়ন ডলারের এআই অবকাঠামো প্রকল্প বর্তমানে স্থবির হয়ে পড়েছে।
বিটকয়েন পলিসি ইনস্টিটিউটের (বিপিআই) গবেষণায় দেখা গেছে, নেভিল রয় সিংগামের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী মার্কিন ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতায় কাজ করছে। সাংহাইয়ে বসবাসকারী এই মার্কসবাদীর বিরুদ্ধে চীনা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে চীনা কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করছেন।
এআই খাতের এই ধীরগতিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, চীন বর্তমান বিশ্বে এআই প্রযুক্তিতে এগিয়ে থাকতে চায় এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অবকাঠামো দুর্বল করা তাদের অন্যতম লক্ষ্য। পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন (পিএসএল)-সহ বিভিন্ন সংগঠন স্থানীয় পর্যায়ে ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছে, যা বড় ধরনের বিনিয়োগ বাধাগ্রস্ত করছে।
এদিকে নর্থ ক্যারোলিনার শার্লট ও মেরিল্যান্ডের প্রিন্স জর্জ কাউন্টির মতো এলাকায় ডেটা সেন্টার নির্মাণের প্রকল্পগুলো বাধার মুখে পড়েছে। যদিও অনেক ক্ষেত্রে স্থানীয়রা বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে উদ্বেগের কথা জানান, তবে এই উদ্বেগকে কাজে লাগিয়ে বিদেশী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মার্কিন কংগ্রেসের অনেক সদস্য মনে করছেন।
অন্যদিকে, এআই শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো এখন পাল্টা যুক্তি তুলে ধরছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, লুইজিয়ানা ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যে ডেটা সেন্টারগুলোর মাধ্যমে স্থানীয় রাজস্ব আয় ব্যাপকভাবে বেড়েছে, যা শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন হাউজ এনার্জি অ্যান্ড কমার্স কমিটি হোয়াইট হাউস ও এফবিআইয়ের কাছে বিদেশী অর্থায়নে এআই প্রকল্প বাধাগ্রস্ত করার বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে। সিনেটর জন ফেটারম্যানসহ অনেক নীতিনির্ধারকই মনে করেন, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এআই সক্ষমতা বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য।