যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৌবাহিনীর প্রতিরক্ষা শিল্প সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং নৌবহরে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন একটি দপ্তর চালু করেছে মার্কিন নৌবাহিনী। গত সোমবার নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও এই নতুন অফিসের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এই নতুন দপ্তরের নাম দেওয়া হয়েছে ‘অফিস অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস’। এর নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু মাগলিওচেত্তি, যিনি এর আগে নৌবাহিনীর স্মল বিজনেস প্রোগ্রাম অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মূলত নৌবাহিনীর গবেষণা, উন্নয়ন ও ক্রয় সংক্রান্ত সহকারী সচিবের প্রধান বেসামরিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানান, মাগলিওচেত্তি দেশীয় উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণ, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা দূর করা এবং নৌবাহিনী ও মেরিন কোরের সক্ষমতা বৃদ্ধিতে ডুয়াল-ইউজ বা বহুমুখী বাণিজ্যিক প্রযুক্তির সমন্বয় নিয়ে কাজ করবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি জাতীয় নিরাপত্তা স্মারকের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্মারকে পেন্টাগনকে সমুদ্রভিত্তিক শিল্প কাঠামোর সক্ষমতা ও প্রতিযোগিতা পুনরুদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছিল।
নতুন দায়িত্বে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যান্ড্রু মাগলিওচেত্তি বলেন, একটি নিরাপদ ও গতিশীল শিল্প ভিত্তিই যুদ্ধের প্রস্তুতির মূল চাবিকাঠি। তিনি নৌবাহিনী ও মেরিন কোর সদস্যদের আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।