যুক্তরাষ্ট্রের মন্টানার বিলিংস শহরে এক পারিবারিক ডিনারে ৪ শিশুসহ মোট ৮ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বিলিংস পুলিশ বিভাগ এই ঘটনাকে একটি অকল্পনীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছে। পরিবারের সদস্য ও আত্মীয়দের তথ্যানুযায়ী, ৪৪ বছর বয়সী অভিযুক্ত অ্যালান স্মিথকে কয়েক সপ্তাহ আগেই তার বাবা-মা বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। ঘটনার পর হামলাকারী নিজেই নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ব্র্যাড আয়ারল্যান্ডের সাবেক স্ত্রী মেগান ঘিকিয়ার এবং তাদের দুই সন্তান ১৩ বছর বয়সী ওয়েন আয়ারল্যান্ড ও ৭ বছর বয়সী ক্লোয়ি আয়ারল্যান্ড। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন মেগানের বর্তমান স্বামীর দুই সন্তান ল্যান্ডন ঘিকিয়ার (১৫) ও শার্লট ঘিকিয়ার (১২), অ্যালানের বাবা ডানা ও মা বার্ব এবং তাদের দাদি ইভেলিন।
ঘটনার বিবরণ দিয়ে পারিবারিক বন্ধু জেনিফার মার্সার জানান, ১২ বছর বয়সী শার্লট এই ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়েছে। সে ৯১১ নম্বরে ফোন করে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিল।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ি থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িটিতে আগুন ধরে যায়। সোমবার রাত ১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করেন। শহরের বাইরের এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না।
নিহত মেগানের বর্তমান স্বামী অ্যাডাম ঘিকিয়ার জানিয়েছেন, তিনি যখন বাড়ি পৌঁছান ততক্ষণে পুরো বাড়ি আগুনে জ্বলছিল। তিনি জানান, ঘটনার দিন তার সন্তানরা সেখানে যাওয়ার কথা ছিল না। পারিবারিক ডিনার সাধারণত শুক্রবার হলেও সেদিন তা ব্যতিক্রম ছিল। তিনি বলেন, তার শ্যালক অ্যালান স্মিথ এমন নৃশংস ঘটনা ঘটাবে তা তিনি কল্পনাও করতে পারেননি।
তদন্তের স্বার্থে পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে ধ্বংসস্তূপ পরীক্ষা করছে। অভিযুক্ত অ্যালান স্মিথ এর আগে পড়াশোনা শেষ করলেও কোনো স্থায়ী চাকরি করতে পারেননি এবং দীর্ঘদিন ধরে পরিবারের সাথে থাকলেও মূলত নিজ কক্ষে একাকী সময় কাটাতেন।