নেপালের ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। এই প্রাকৃতিক দুর্যোগে মানবিক বিপর্যয় মোকাবিলায় নেপালের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাঁদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।
দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৪০৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।