যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সিক্রেট সার্ভিসের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। সম্ভাব্য অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সংস্থাটির অফিস অব প্রফেশনাল রেসপনসিবিলিটি। মঙ্গলবার এই তদন্ত কার্যক্রম শুরু হয়।
সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত কর্মকর্তারা সংস্থাটিতে আইন প্রয়োগকারী কোনো দায়িত্বে ছিলেন না। তদন্তের প্রাথমিক পর্যায়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে চাপের মুখে রয়েছে সিক্রেট সার্ভিস। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর একাধিকবার প্রাণঘাতী হামলার প্রচেষ্টার পর থেকে সংস্থাটি বাড়তি সতর্কতায় রয়েছে।
এর পাশাপাশি সম্প্রতি ট্রাম্পের ছোট ছেলে ব্যারনের ওপর ইরান থেকে হুমকি আসার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে সিক্রেট সার্ভিসের মুখপাত্র ন্যাট হেরিং জানিয়েছেন, যে কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাজনিত বিষয়কে তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে খতিয়ে দেখেন।