যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কোভিড-১৯ ত্রাণ তহবিলের অর্থ জালিয়াতির দায়ে আহমেদ ঘাদি ও আব্দি হাকিম আহমেদ নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত। বুধবার ঘোষিত এই রায়ে আহমেদ ঘাদিকে পাঁচ বছরের বেশি এবং আব্দি হাকিম আহমেদকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য বরাদ্দকৃত ৭.৩ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।
মামলার নথি অনুযায়ী, এই দুই ব্যক্তি ‘ফিডিং আওয়ার ফিউচার’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জালিয়াতির চক্রটি পরিচালনা করতেন। তারা দাবি করেছিলেন যে, টুইন সিটিস এলাকায় প্রতিদিন হাজার হাজার শিশুকে তারা খাবার সরবরাহ করছেন। তবে সংগৃহীত অর্থ দিয়ে তারা খাবার সরবরাহের পরিবর্তে বিলাসবহুল গাড়ি ও সম্পত্তি ক্রয় করেছিলেন।
আদালত দণ্ডপ্রাপ্তদের বিপুল পরিমাণ অর্থ জরিমানাও করেছেন। এর মধ্যে আব্দি হাকিম আহমেদকে ২২ লাখ ৪২ হাজার ৫৯০ ডলার এবং আহমেদ ঘাদিকে ২৮ লাখ ৬২ হাজার ৪৫১ ডলার ক্ষতিপূরণ হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই জালিয়াতির মূল হোতা ছিলেন এইমি বক, যিনি গত মে মাসে ৪২ বছরের কারাদণ্ড পেয়েছেন। বক পরিচালিত ‘ফিডিং আওয়ার ফিউচার’ প্রতিষ্ঠানটি প্রায় ২৫০ মিলিয়ন ডলারের জালিয়াতির সাথে যুক্ত ছিল বলে কৌঁসুলিরা আদালতে জানিয়েছেন। মূলত ভুয়া তালিকার মাধ্যমে শিশুদের খাওয়ানোর কথা বলে সরকারি অর্থ আত্মসাৎ করাই ছিল তাদের মূল লক্ষ্য।
এই ঘটনাটির সাথে মিনেসোটার সোমালি অভিবাসী সম্প্রদায়ের অনেক সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই জালিয়াতি নিয়ে তদন্তের এক পর্যায়ে মিনেসোটায় ফেডারেল কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি পায়, যা নানা সময়ে বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল।