জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি ইব্রাহিম ওলাবি বলেছেন, ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযানের কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ বিপর্যয় ও আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই পরিস্থিতির প্রভাব থেকে কেউই রেহাই পাবে না বলে সতর্ক করেছেন তিনি।
সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সাম্প্রতিক আটবার বিমান হামলাসহ দেশটিতে ক্রমাগত ইসরায়েলি অনুপ্রবেশ, গোলাবর্ষণ ও অপহরণের ঘটনা ঘটছে। ওলাবি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
সিরিয়ার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে জাতিসংঘের কর্মকর্তারা জানান, দেশটিতে ৫৫ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এর মধ্যে প্রায় ৮ লাখ ৩৩ হাজার মানুষ ১,২০০টিরও বেশি শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত স্থলমাইন ও বিস্ফোরকের আঘাতে ২,৪০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন, যার মধ্যে ৮৬৫ জন নিহত হয়েছেন।
ওলাবি আরও জানান, উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় সিরিয়া আন্তরিকভাবে কাজ করছে। তবে ইসরায়েলের অব্যাহত হামলা ও অনুপ্রবেশ বন্ধ না হলে অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।
সিরিয়ায় জাতিসংঘের উপ-দূত ক্লদিও কর্দোনে জানিয়েছেন, দেশটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র কর্তৃক সিরিয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। তবে চরম দারিদ্র্য, মূল্যস্ফীতি এবং দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের তল্লাশি ও সম্পত্তি ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।