যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত মার্কিন নভোচারীদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি আর্টেমিস টু মিশনের নভোচারীদের ‘কংগ্রেসনাল স্পেস মেডেল অফ অনার’ প্রদানের পর মহাকাশচারীদের সাথে এই কথোপকথনে অংশ নেন। মহাকাশ গবেষণায় অগ্রণী ভূমিকা পালনকারী এই দলকে তিনি ‘পথপ্রদর্শক’ হিসেবে অভিহিত করেছেন।
কথোপকথনের শুরুতে ট্রাম্প রসিকতা করে বলেন, অনেক আমেরিকানই মহাকাশ ভ্রমণে আগ্রহী, তবে তিনি ব্যক্তিগতভাবে সেখানে যেতে আগ্রহী নন। তিনি বলেন, অনেকে মহাকাশ ভ্রমণকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু আমি তা চাই না।
মহাকাশচারীরা ট্রাম্পের সাথে কথা বলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বর্তমানে মহাকাশে নিয়মিত হাঁটার (স্পেসওয়াক) কাজে ব্যস্ত রয়েছেন এবং আগামী সপ্তাহে আরও একটি অভিযানের পরিকল্পনা রয়েছে বলে প্রেসিডেন্টকে জানান।
ডোনাল্ড ট্রাম্প মহাকাশচারীদের আশ্বস্ত করেন যে, তারা পৃথিবীতে ফিরে এলে তাদের সাথে দেখা করবেন। তিনি তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে বলেন, তারা চাইলে ওভাল অফিসে এসে সময় কাটাতে পারেন।
এর আগে একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প আর্টেমিস টু মিশনের সদস্যদের সংবর্ধনা দেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স একাডেমি প্রতিষ্ঠার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি জানান, এই একাডেমি ওয়েস্ট পয়েন্ট, এয়ার ফোর্স, কোস্ট গার্ড এবং নেভির একাডেমিগুলোর সমপর্যায়ের মর্যাদা পাবে।