কানাডার টরন্টোতে অবস্থিত সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ (সিএএমএইচ)-এর বিজ্ঞানীরা লং কোভিডের কারণে দীর্ঘস্থায়ী ক্লান্তি ও স্মৃতিভ্রমের একটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন। তাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, লং কোভিড মস্তিষ্কের ডোপামিন নিঃসরণকারী নিউরনের ক্ষতি করতে পারে। এই আবিষ্কারটি লং কোভিডের শিকার ব্যক্তিদের শারীরিক ও মানসিক সমস্যার পেছনে মূল কারণ উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান গবেষক ড. জেফরি মেয়ার।
ই-বায়োমেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণায় গবেষকরা পজিট্রন এমিশন টমোগ্রাফি (পিইটি) নামক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেছেন। এর মাধ্যমে তারা লং কোভিডে আক্রান্ত রোগীদের মস্তিষ্কের স্ট্রিয়াটাম অঞ্চলের ডোপামিন নিউরনের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। পরীক্ষায় দেখা গেছে, আক্রান্তদের মস্তিষ্কে ডোপামিন নিউরনের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে অনেক কম, যা তাদের চলাফেরার ধীরগতি, অনুপ্রেরণার অভাব এবং স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
গবেষণায় আরও উঠে এসেছে যে, লং কোভিডের ক্ষেত্রে মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ ডোপামিন নিউরনের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। ড. জেফরি মেয়ারের মতে, এটি প্রমাণ করে যে লং কোভিড মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছে।
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় পাঁচ শতাংশ মানুষ লং কোভিডে ভুগছেন। কেবল কানাডাতেই এই সংখ্যা প্রায় ২০ লাখ। এই গবেষণার ফলাফল নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে। গবেষক দল এরই মধ্যে ডোপামিন সিস্টেমকে লক্ষ্য করে একটি ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তাদের লক্ষ্য, ডোপামিনের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে রোগীদের স্মৃতিশক্তি ও মানসিক অবস্থার উন্নতি ঘটানো সম্ভব কি না, তা যাচাই করা।