যুক্তরাষ্ট্রের শিকাগো ভিত্তিক ইউএস সকার ফেডারেশন ঘোষণা করেছে যে, দেশটির পুরুষ জাতীয় ফুটবল দলের কোচ মাউরিসিও পোচেত্তিনো ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ইউএস সকার ও পোচেত্তিনোর মধ্যে নতুন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের পর পরবর্তী চার বছরের জন্য তার অবস্থান নিশ্চিত করা হলো।
২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর পোচেত্তিনোর মূল লক্ষ্য ছিল দলের মান উন্নয়ন করা। যদিও ২০২৬ সালের বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে শেষ ষোলো থেকে যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছিল, তবে তার অধীনে দলের সামগ্রিক পারফরম্যান্স ও সমর্থকদের আগ্রহ ইতিবাচক ছিল। ইউএস সকারের প্রধান নির্বাহী জেটি ব্যাটসন জানিয়েছেন, পোচেত্তিনো ও তার কোচিং প্যানেল মার্কিন ফুটবলের ভবিষ্যৎ ও প্রকল্পের ওপর আস্থা রেখেছেন।
পোচেত্তিনো জানান, গত দুই বছরে দলের খেলোয়াড়দের মধ্যে যে সম্ভাবনা ও দর্শকদের যে আবেগ তিনি দেখেছেন, তা তাকে এই নতুন অধ্যায় শুরু করতে উৎসাহিত করেছে। ২০৩০ সালের বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসরকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি শুরু করতে চান তিনি।
নতুন মেয়াদে পোচেত্তিনোর ভূমিকা কেবল জাতীয় দলের কোচের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাকে যুব ফুটবল উন্নয়ন, কোচদের প্রশিক্ষণ এবং মেজর লিগ সকারের মতো পেশাদার লিগগুলোর সাথে সমন্বয় সাধনের মাধ্যমে পুরো মার্কিন ফুটবল কাঠামোর উন্নয়নের পরামর্শক হিসেবেও কাজ করতে দেখা যাবে।
আগামী দিনগুলোতে কনকাকাফ নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে দল গঠন ও নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছেন পোচেত্তিনো। ১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণদের মধ্যে তিনি ভবিষ্যতের বড় তারকা হওয়ার সম্ভাবনা দেখছেন বলে জানান।