যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাথেন্সে অবস্থিত ইউনিভার্সিটি অফ জর্জিয়া ক্যাম্পাসে একটি গাড়ির নিচ থেকে ১০ সপ্তাহ বয়সী একটি বিড়ালছানাকে অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে। নিউ জার্সি থেকে কয়েকশ মাইল পথ পাড়ি দেওয়ার সময় বিড়ালছানাটি গাড়ির যান্ত্রিক অংশের ভেতর আটকা পড়েছিল। বিড়ালছানাটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাট জিপ অ্যালায়েন্সের কর্মী কেলি বেটিঞ্জার। এই ঘটনাটি প্রাণীর সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার সূত্রপাত ১০ আগস্ট, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেডিন সয়্যার নিউ জার্সি থেকে জর্জিয়া ক্যাম্পাসে পৌঁছান। গাড়ি থেকে নামার পর তিনি গাড়ির নিচ থেকে বিড়ালছানার পা ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তিনি বিশ্ববিদ্যালয় পুলিশকে বিষয়টি জানান এবং পুলিশ ক্যাট জিপ অ্যালায়েন্সের সহায়তা নেয়।
উদ্ধারকারী দল প্রথমে বিড়ালছানাটিকে বের করতে ব্যর্থ হলে গাড়িটিকে স্থানীয় একটি মেকানিক শপে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির সামনের চাকা খুলে বিড়ালছানাটিকে নিরাপদে উদ্ধার করা হয়। কেলি বেটিঞ্জার জানান, উদ্ধারের সময় বিড়ালছানাটি উত্তপ্ত ছিল এবং হাঁপাচ্ছিল। তবে কোনো বড় ধরনের আঘাত ছাড়াই সে বেঁচে আছে।
পরদিন পশুচিকিৎসক পরীক্ষায় দেখা যায়, বিড়ালছানাটি শ্বাসতন্ত্রের সামান্য সংক্রমণ এবং পরজীবীর সমস্যা ছাড়া শারীরিকভাবে বেশ সুস্থ রয়েছে। উদ্ধারকারী দল সেটির নাম দিয়েছে ‘জার্সি’। বর্তমানে বিড়ালছানাটি একটি ফস্টার হোমে (পালক পরিবার) রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর সেটির ভ্যাকসিন, মাইক্রোচিপ এবং অন্যান্য চিকিৎসা সম্পন্ন হবে।
বিড়াল বিশেষজ্ঞ রিটা রিমার্স জানান, বিড়ালছানারা আত্মরক্ষার জন্য প্রায়ই গাড়ির ছোট জায়গায় লুকিয়ে থাকে। তিনি গাড়ি চালকদের উদ্দেশ্যে পরামর্শ দেন, গাড়ি চালু করার আগে যেন হুডের ওপর হালকা শব্দ করে বা টোকা দিয়ে নিশ্চিত করা হয় যে ভেতরে কোনো প্রাণী নেই।
জার্সিকে উদ্ধারের পর সেটির পূর্বের মালিকের খোঁজ না পাওয়ায় জেডিন সয়্যারের আত্মীয়রা সেটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাকে নিরাপদে নিউ জার্সিতে পাঠানোর পরিকল্পনা চলছে।