যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের আকর্ষণীয় বা ‘হট’ রাখার জন্য পুরুষদের মধ্যে নতুন এক চাহিদ তৈরি হয়েছে। ফ্লেকম্যান প্লাস্টিক সার্জারির প্লাস্টিক সার্জন ড. কৃষ্ণা ব্যাস জানিয়েছেন, এটি কেবল দীর্ঘ জীবন পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং মনের তারুণ্য আর আয়নায় দেখা চেহারার মধ্যে তৈরি হওয়া পার্থক্যের কারণে এমনটি ঘটছে।
আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জনসের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট কসমেটিক সার্জারি বা চিকিৎসার প্রায় ১৫ শতাংশ গ্রহণ করছেন পুরুষরা। ড. ব্যাসের মতে, গত দুই দশকে পুরুষদের কসমেটিক চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সামাজিক বাধা অনেকটা কমেছে। আগে যেখানে পুরুষরা নিজের সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে সংকোচ বোধ করতেন, এখন সেই ধারণা বদলেছে।
কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা কিংবা চোখের নিচে কালি বা চোয়ালের গঠনের পরিবর্তন মোকাবিলা করতে এখন অনেকেই বোটক্স, লেজার থেরাপি বা লিপোসাকশনের মতো চিকিৎসার দিকে ঝুঁকছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত বা ভুল প্রক্রিয়ায় এসব চিকিৎসা গ্রহণ করলে মুখের টিস্যুর স্বাভাবিক গঠন নষ্ট হতে পারে।
প্লাস্টিক সার্জন ড. ব্যাস কসমেটিক চিকিৎসার পরিবর্তে জীবনযাত্রায় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তিনি নিকোটিন বর্জন, নিয়মিত সানস্ক্রিন ও রেটিনয়েড ব্যবহার, ওজন নিয়ন্ত্রণ এবং চুল পড়ার সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দিয়েছেন। এছাড়া শরীর চর্চাকে দীর্ঘজীবী হওয়ার মূল ওষুধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।