ঢাকাMonday , 7 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পুরুষের আয়ু কমাতে পারে জনপ্রিয় মস্তিষ্কের সাপ্লিমেন্ট টাইরোসিন


September 7, 2026 5:45 pm
Link Copied!

যুক্তরাজ্যের লন্ডনে পরিচালিত এক নতুন গবেষণায় দেখা গেছে, প্রোটিন সমৃদ্ধ খাবার ও সাপ্লিমেন্টে পাওয়া যায় এমন একটি পরিচিত অ্যামিনো অ্যাসিড ‘টাইরোসিন’ পুরুষের আয়ু কমিয়ে দিতে পারে। হংকং বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষক দলের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের স্বাস্থ্য ও জেনেটিক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণার ফলাফল ‘এজিং-ইউএস’ জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, রক্তে টাইরোসিনের মাত্রা বেশি থাকলে তা পুরুষের আয়ু প্রায় এক বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে। তবে নারীদের শরীরে এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পরিলক্ষিত হয়নি। গবেষকরা মেন্ডেলিয়ান র‍্যান্ডমাইজেশন পদ্ধতি ব্যবহার করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, টাইরোসিনের উচ্চমাত্রার সঙ্গে পুরুষদের আয়ু হ্রাসের একটি সম্ভাব্য কার্যকরণ সম্পর্ক থাকতে পারে।

টাইরোসিন মানবদেহে ডোপামিনের মতো গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে, যা মেজাজ, মনোযোগ ও চিন্তাশক্তি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এছাড়া এটি প্রোটিন তৈরির অন্যতম উপাদান। গবেষকদের মতে, পুরুষদের শরীরে সাধারণত নারীদের চেয়ে টাইরোসিনের মাত্রা বেশি থাকে, যা নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্যের একটি কারণ হতে পারে।

কেন টাইরোসিন আয়ুর ওপর প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে ইনসুলিন রেজিস্ট্যান্স বা শরীরের স্ট্রেস রেসপন্স প্রক্রিয়ার পার্থক্যের কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাজারে টাইরোসিন সাপ্লিমেন্টগুলো মনোযোগ ও মানসিক কার্যক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে বিক্রি করা হয়। তবে গবেষকরা জানিয়েছেন, এই গবেষণাটি সরাসরি সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষতিকর দিক নিয়ে পরীক্ষা করেনি, বরং শরীরে প্রাকৃতিকভাবে উচ্চমাত্রার টাইরোসিনের প্রভাব পর্যবেক্ষণ করেছে। তাই ভবিষ্যতে সাপ্লিমেন্টের দীর্ঘমেয়াদী প্রভাব ও খাদ্যতালিকাগত পরিবর্তনের বিষয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে।