ফ্রান্সের দক্ষিণভাগে অবস্থিত প্রোভঁসের পাহাড়ি এলাকায় ১৭ ও ১৮তম শতাব্দীর পাথুরে গ্রাম নিয়ে গড়ে উঠেছে পাঁচ তারকা হোটেল ‘ক্রিলন লে ব্রেভ’। ভ্রমণ ও জীবনযাত্রার মান নিয়ে কাজ করা ‘ট্রাভেল প্লাস লেইজার’ সাময়িকীর ২০২৫ সালের তালিকায় এটি ফ্রান্সের সেরা রিসোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফ্যাশন সম্পাদক আনা লাপ্লাকা জানিয়েছেন, এই রিসোর্টটি এমন এক স্থান যেখানে তারকারা এবং ফ্যাশন জগতের প্রভাবশালী ব্যক্তিরা ভিড় এড়িয়ে নিরিবিলিতে সময় কাটাতে আসেন।
এই রিসোর্টটি মূলত একটি গ্রামের মতো, যেখানে পাথুরে বাড়ির খাঁজে খাঁজে আধুনিক বিলাসবহুল সব সুবিধা যুক্ত করা হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে ভিড় নেই, বরং শতাব্দী প্রাচীন স্থাপত্য, স্থানীয় খাবার ও মাউন্ট ভেনটক্সের প্যানোরামিক দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে।
রিসোর্টটির ইতিহাসে দেখা যায়, এখানে ফর্মুলা ওয়ান চালক, ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং প্রখ্যাত অভিনেতারা নিয়মিত আসেন। সোফি টার্নার ও জো জোনাসের বিয়ের অনুষ্ঠানের সময়ও তারা এই এলাকায় কয়েক রাত কাটিয়েছিলেন।
এ বছরের এপ্রিলে বড় ধরনের সংস্কার শেষে রিসোর্টটি নতুন করে দর্শকদের সামনে এসেছে। বর্তমানে এখানে ২৬টি রুম ও ১৭টি সুইট রয়েছে। এছাড়া নতুন করে একটি স্পা, প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা পুল এবং রান্নার প্রশিক্ষণের জন্য একটি নতুন স্থান যুক্ত করা হয়েছে।
রিসোর্টের খাবার পরিবেশন করা হয় ‘ফার্ম-টু-টেবিল’ পদ্ধতিতে, যা ফ্রান্সের টেকসই রেস্তোরাঁ হিসেবে স্বীকৃত। অর্থাৎ, মৌসুম অনুযায়ী স্থানীয় পণ্য থেকেই তৈরি করা হয় প্রতিটি খাবার। রিসোর্টের ভেতরে স্পা সেন্টারটিতে গরম ও ঠাণ্ডা জলের ব্যবস্থা সম্বলিত গুহা রয়েছে, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ।
আনা লাপ্লাকার মতে, এই রিসোর্টের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর শান্ত পরিবেশ এবং ছোটখাটো সব বিষয়ে অতিথিদের যত্ন নেওয়ার ধরন। প্রতিদিন সন্ধ্যায় বিছানার পাশে ছোট্ট উপহার এবং কবিতার কার্ড রাখা পর্যটকদের অভিজ্ঞতায় এক অন্যরকম আবেশ যোগ করে।