যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক সংবাদমাধ্যম হেলথ ডট কমের প্রতিবেদনে ডাইউরেটিকস বা পানি নিঃসরণকারী ওষুধের কার্যপদ্ধতি ও এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। সাধারণত শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ও পানি বের করে দিতে চিকিৎসকরা এই ওষুধ প্রেসক্রাইব করেন। মূলত বৃক্ক বা কিডনির ওপর কাজ করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডাইউরেটিকস কীভাবে কাজ করে
ডাইউরেটিকস বা ওয়াটার পিল প্রধানত কিডনির কার্যকারিতার ওপর প্রভাব ফেলে। এটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাড়তি সোডিয়াম ও পানি বেরিয়ে যেতে সাহায্য করে। রক্তে তরলের পরিমাণ কমে গেলে রক্তনালীর ওপর চাপ কমে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কখন প্রয়োজন হয়
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ন্ত্রণে এই জাতীয় ওষুধ বহুল ব্যবহৃত। এছাড়া শরীরে পানি জমে যাওয়া বা ইডিমা, হার্ট ফেইলিউর এবং কিডনিজনিত বিভিন্ন জটিলতায় চিকিৎসকরা এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
সতর্কতা
যেকোনো ডাইউরেটিকস ব্যবহারের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ, শরীরের প্রয়োজনীয় খনিজ উপাদানের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ডোজ মেনে চলা ও নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা স্বাস্থ্যের জন্য অপরিহার্য।