ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটি হাসপাতালে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের নিয়ে পরিচালিত এক বড় গবেষণায় দেখা গেছে, রোগ শনাক্ত হওয়ার পরপরই স্ট্যাটিন ওষুধ সেবন শুরু করলে দীর্ঘমেয়াদে ডিমেনশিয়ার ঝুঁকি ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির (ইএসসি) কংগ্রেসে এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়, যা পরে ল্যানসেট রিজিওনাল হেলথ ইউরোপ জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণায় ১৩২,৫৮৫ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যাদের ২০০৬ থেকে ২০১৯ সালের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস ধরা পড়েছিল। গবেষকরা দেখতে চেয়েছেন, ডায়াবেটিস শনাক্ত হওয়ার কতদিন পর থেকে কোলেস্টেরল কমানোর ওষুধ বা স্ট্যাটিন শুরু করা হয়েছে এবং তার সাথে ডিমেনশিয়ার সম্পর্কের ধরন কেমন।
গবেষণার প্রধান উপস্থাপক ড. টুমাস টার্নহামার জানান, ডায়াবেটিস রোগীদের শরীরে এলডিএল-সি কোলেস্টেরলের মাত্রা সাধারণত বেশি থাকে, যা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাদের গবেষণায় দেখা গেছে, যারা ডায়াবেটিস শনাক্ত হওয়ার প্রথম এক বছরের মধ্যে স্ট্যাটিন খাওয়া শুরু করেছেন, ১০ বছরের ব্যবধানে তাদের ডিমেনশিয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ১৫ শতাংশ কম। যারা এক থেকে পাঁচ বছরের মধ্যে ওষুধ শুরু করেছেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকির হার ১০ শতাংশ কম দেখা গেছে।
ইএসসি কমিউনিকেশন কমিটির সদস্য অধ্যাপক ইসাবেল গনকালভেস জানান, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে স্ট্যাটিন ব্যবহারের পরামর্শ আগে থেকেই দেওয়া হয়। নতুন এই গবেষণার ফলাফল বলছে, এটি ডিমেনশিয়া প্রতিরোধেও সহায়ক হতে পারে। তবে এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা হওয়ায় স্ট্যাটিন সরাসরি ডিমেনশিয়া রোধ করে কি না, তা নিশ্চিত করতে আরও বিশদ গবেষণার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।