স্পেনের বার্সেলোনায় ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটির কংগ্রেসে উপস্থাপিত নতুন এক গবেষণায় দেখা গেছে, ওজেম্পিক ও ওয়েগোভি ওষুধের মূল উপাদান ‘সেমাগ্লুটাইড’ শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বিশেষ সুফল বয়ে আনতে পারে। গবেষণায় উঠে এসেছে, যারা এই ওষুধ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অ্যাজমার প্রকোপ প্রায় ৪০ শতাংশ কমেছে। এছাড়া সিওপিডি (COPD) আক্রান্তদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ন্যাশনাল হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউটের অধ্যাপক ক্লোয়ি ব্লুমের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় যুক্তরাজ্যের প্রায় ২০ হাজার থেকে ২২ হাজার মানুষের স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে। যারা টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসার অংশ হিসেবে জিএলপি-১ (GLP-1) রিসেপ্টর অ্যাগোনিস্ট বা সেমাগ্লুটাইড গ্রহণ করছিলেন, তাদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের এই ইতিবাচক পরিবর্তনের তথ্য পাওয়া গেছে।
অধ্যাপক ক্লোয়ি ব্লুম জানান, সেমাগ্লুটাইডের এই প্রভাব অন্য ওষুধের তুলনায় বেশি কার্যকর। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, এই ফলাফলগুলো আশাব্যঞ্জক হলেও এখনই অ্যাজমা বা সিওপিডির মূল চিকিৎসা হিসেবে এই ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়। বর্তমান প্রেসক্রিপশনের বাইরে গিয়ে শ্বাসকষ্টের জন্য এই ওষুধ সেবনের কোনো নির্দেশনা নেই।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. আলেকজান্ডার ম্যাথিওডাকিস বলেন, স্থূলতা এবং মেটাবলিক সমস্যা শ্বাসযন্ত্রের রোগে সাধারণ বিষয় হলেও সেগুলোকে আলাদাভাবে দেখা হয়। এই গবেষণার ফলাফল শ্বাসকষ্টের চিকিৎসায় বিপাকীয় স্বাস্থ্যের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে মেটাবলিক চিকিৎসার ট্রায়ালে শ্বাসকষ্টের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।